মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে। ফেরত আসা এসব অভিবাসীর বিরুদ্ধে অভিযোগ—তারা দেশটিতে অভিবাসন আইন ভঙ্গ করেছেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছেছে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় লন্ডন থেকে ছেড়ে যায় এবং শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় নামে।

হাইকমিশনের কনসুলার শাখা জানায়, দেশে ফেরত পাঠানো এসব বাংলাদেশির জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, আবার কারও পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ। যাত্রী তালিকায় নারী অভিবাসীও আছেন। ফিরিয়ে আনা ব্যক্তিরা মূলত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা।

ট্রাভেল পারমিটের নথি পর্যালোচনায় দেখা যায়, ফেরত আসা ১৫ জনের মধ্যে অন্তত ৬ জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউ ছিলেন শিক্ষার্থী।

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি আইন আরও কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অনেকেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, আর ফেরত পাঠানো সেই ব্যবস্থারই অংশ।

 

Walton Ads