সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলিতে এখন থেকে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন বাজেয়াপ্ত করার জন্যও স্পষ্ট নিয়মকানুন জারি করা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন আনা নিয়ে অধ্যক্ষ ও কিন্ডারগার্টেনগুলিকে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এই নির্দেশনা ২০১৮ সালের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং (৮৫১)-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বিশেষ করে মোবাইল ফোন বা অন্যান্য যোগাযোগ ডিভাইসের অপব্যবহার সম্পর্কিত বিধি (২.৭) ধারা (৭)-কে কেন্দ্র করে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য শিক্ষার্থীদের ফোন বহনের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করা এবং একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা স্কুলে ফোন আনলে তা বাজেয়াপ্ত করা হবে এবং নিয়ম ভঙ্গ করলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় আশা করছে, এই পদক্ষেপ শিক্ষার্থীদের মনোযোগ বাড়াবে, পড়াশোনায় আরও মনযোগী করে তুলবে এবং ডিজিটাল ব্যবহারের প্রতি সচেতনতা বৃদ্ধি করবে।