যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরখাস্তের চেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। কুকের দাবি, ট্রাম্পের আদেশ বেআইনি ও অবৈধ, তাই তা বাতিল করা হোক। মামলায় বিবাদী করা হয়েছে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অভিযোগ—কুক তার বন্ধক নথি নিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন। তবে কুক এর আগে জানিয়েছিলেন, আইন অনুযায়ী তাকে বরখাস্ত করার কোনো কারণ নেই।

দীর্ঘদিন ধরে ট্রাম্প ফেডের ওপর চাপ তৈরি করে আসছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। কুক বোর্ডের সদস্য হিসেবে সুদের হার নির্ধারণের দায়িত্বে রয়েছেন।

মামলাটি বৃহস্পতিবার দায়ের করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এটি বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। কুকের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, ‘মামলাটি ট্রাম্পের নজিরবিহীন ও অবৈধ প্রচেষ্টার বিরুদ্ধে পদক্ষেপ। যদি সফল হয়, ফেড বোর্ডের ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা।’

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছে, ‘প্রেসিডেন্ট আইনি কর্তৃত্ব প্রয়োগ করেছেন। কুককে আর্থিক নথিতে মিথ্যা বলার কারণে সরানো হয়েছে, যা ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।’

 

Walton Ads