ইন্দোনেশিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় এক ট্যাক্সিচালকের মৃত্যুর জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ ভয়াবহ আকার নিয়েছে। এবার সেই বিক্ষোভকারীদের দেয়া আগুনেই প্রাণ গেল তিনজনের, আহত হয়েছেন অন্তত চারজন। হতাহতদের বেশিরভাগই সরকারি দপ্তরের কর্মচারী, যা দেশজুড়ে আরও ক্ষোভ আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ সুলাওয়েসির মাকাসার সিটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে তিনজনের মৃত্যু হয়। কাউন্সিল সচিব রহমত মাপ্পাতোবা জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। নিহতরা ভবনের ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান।
তিনি অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা অফিসে হামলা চালায় এবং ভেতরে ঢুকে ভবনে আগুন লাগিয়ে দেয়। রহমত মাপ্পাতোবা আরও বলেন, সাধারণত বিক্ষোভকারীরা শুধু টায়ার পোড়াত বা পাথর ছুঁড়ত, কিন্তু এবার তারা সরাসরি ভবনে ঢুকে ভেতরে আগুন ধরিয়েছে—এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
নিহতদের মধ্যে দুজন মাকাসার সিটি কাউন্সিলের কর্মচারী এবং আরেকজন সরকারি দপ্তরের কর্মকর্তা ছিলেন। এছাড়া আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।