ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রির তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কোর দাবি—এটি ওয়াশিংটনের সেই কথার সরাসরি বিরোধিতা, যেখানে তারা যুদ্ধের সমাধান চায় বলে দাবি করছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেন, ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি প্রমাণ করে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ থামাতে নয়, বরং আরও উসকে দিতে চাইছে।

এ সময় ন্যাটোতে মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইউক্রেনকে সজ্জিত করার জন্য ন্যাটো মিত্রদের মাঝে অস্ত্র চুক্তি সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন।

অন্যদিকে, কোপেনহেগেনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে আটটি নর্ডিক ও বাল্টিক দেশের নেতারা ইউক্রেনের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা এবং দ্রুত অস্ত্র সরবরাহের ওপর জোর দেন। ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, তারা ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অঙ্গীকারবদ্ধ। একইসাথে তারা রাশিয়াকে অভিযুক্ত করে বলেছে—শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সত্ত্বেও মস্কো বারবার যুদ্ধ চালিয়ে যাওয়ার অজুহাত খুঁজছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেন যদি সত্যিকারের নিরাপত্তা চায় তবে তাকে ন্যাটো বা পশ্চিমা শক্তির জন্য নয়, বরং নিজেদের জনগণের জন্য কাজ করতে হবে। জাখারোভার অভিযোগ, পশ্চিমারা ইউক্রেনকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

তার ভাষায়, “ব্রিটেন অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা ইউক্রেনের সম্পদ বিনামূল্যে পেতে চায়, কারণ তাদের নিজস্ব কিছুই নেই। এভাবেই ইউক্রেনকে পশ্চিমাদের জন্য দুধের গাভীতে পরিণত করা হয়েছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তা বিসর্জন দিয়ে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, মস্কো সবসময় ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিরোধিতা করেছে। পুতিন জানান, তিনি জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত, তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কতটা আন্তরিক সেটাই দেখার বিষয়।

অন্যদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুতিনের আমন্ত্রণ গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, অন্তত সাতটি দেশ—অস্ট্রিয়া, ভ্যাটিকান, সুইজারল্যান্ড, তুরস্ক এবং তিনটি উপসাগরীয় দেশ—শান্তির জন্য বৈঠক আয়োজন করতে প্রস্তুত। সিবিহা বলেন, “এগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব, এবং প্রেসিডেন্ট জেলেনস্কি যেকোনো সময় এই ধরনের বৈঠকে প্রস্তুত আছেন।
 

Walton Ads