ভারতের মুম্বাই শহরে বোমা হামলার হুমকি আসতেই আতঙ্কে কেঁপে উঠেছে পুরো নগরী। আসন্ন গণেশ উৎসবের আগের দিনই এই হুমকি পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

বৃহস্পতিবার রাতে মুম্বাই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে আসে এক বার্তা। সেখানে দাবি করা হয়—৩৪টি গাড়িতে মানব বোমা বসানো হয়েছে, যা একসঙ্গে বিস্ফোরিত হয়ে পুরো শহর কাঁপিয়ে দেবে।
হুমকিতে আরও বলা হয়, পাকিস্তান থেকে ১৪ জন সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে এবং তারা ব্যবহার করবে ৪০০ কেজি আরডিএক্স—যা নাকি “১ কোটি মানুষকে হত্যা করতে পারে।

বার্তাটি পাঠানো হয়েছে ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। মুম্বাই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পুরো শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত। পার্কিং লট থেকে শুরু করে বেজমেন্ট—সবখানেই তল্লাশি চলছে। কোনো জায়গা বাদ দেওয়া হচ্ছে না।
হামলার হুমকির পর শহরে নানা গুজব ছড়াতে শুরু করেছে। তবে পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে গুজবে কান না দিতে এবং শান্ত থাকার জন্য।

অন্যদিকে, এন্টি-টেররিজম স্কোয়াডকেও ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। তদন্ত চলছে বহুমুখীভাবে।
মুম্বাইয়ের মানুষ এখন দ্বিধাগ্রস্ত—একদিকে আনন্দঘন গণেশ উৎসবের প্রস্তুতি, অন্যদিকে হুমকির আতঙ্ক। শহরটিকে কার্যত ‘নিরাপত্তার চাদরে’ মুড়ে ফেলার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

Walton Ads