যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ভয়াবহ শক্তিশালী ঝড় হারিকেন কিকো। ক্যাটাগরি ৪ মাত্রার এই ঝড়কে ঘিরে ইতিমধ্যেই হাওয়াইসহ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে পরিস্থিতি অনুযায়ী এটি আরও বাড়ানো বা আগেই তুলে নেওয়া হতে পারে।

মার্কিন জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টায় হারিকেন কিকো হোনোলুলুর প্রায় ১২০৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এ সময় ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ২৫ মাইল গতিতে অগ্রসর হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে ঝড়টি যুক্তরাষ্ট্রের বিগ আইল্যান্ড ও মাউই দ্বীপে পৌঁছাবে এবং সোমবার থেকে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে।

হাওয়াই অঙ্গরাজ্যের অস্থায়ী গভর্নর সিলভিয়া লুক বলেন,
“ধ্বংসাবশেষ পরিষ্কার, অবকাঠামো রক্ষা এবং সম্ভাব্য ক্ষতি মোকাবিলার জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। আমরা বাসিন্দা ও পর্যটকদের অনুরোধ করছি নিয়মিত আপডেট তথ্য নিতে, সরকারি নির্দেশনা মেনে চলতে এবং নিরাপত্তার প্রস্তুতি নিতে।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জের আশপাশে ঠান্ডা পানির স্তর থাকায় কিকো ধীরে ধীরে শক্তি হারাতে পারে। প্রথমে এটি ক্যাটাগরি ২ ও ১-এ নেমে আসবে, এরপর বিগ আইল্যান্ডে স্থলভাগে পৌঁছানোর আগে এটি ট্রপিক্যাল স্টর্মে রূপ নিতে পারে। তখন এর বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৩৯ থেকে ৭৩ মাইল হতে পারে।

 

Walton Ads