তরুণদের বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর বলপ্রয়োগে একাধিক মানুষ নিহত হওয়ার পর প্রবল সমালোচনার মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
সোমবার রাতে তিনি নিজের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে জমা দেন। তবে, বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী জানিয়েছেন—প্রধানমন্ত্রী এখনও পদত্যাগপত্র গ্রহণ করেননি।
কেন বিক্ষোভ?
দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামে নতুন প্রজন্ম। তাদের বিক্ষোভ দমনেই অতিরিক্ত শক্তি প্রয়োগ করে নিরাপত্তা বাহিনী। নিহত ও আহতদের মধ্যে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীরাও রয়েছে বলে জানা গেছে।
আগেও সমালোচিত
এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন মন্ত্রী রমেশ লেখক। চলতি বছরের ১৫ মার্চ রাজতন্ত্রপন্থীদের বিক্ষোভে অপ্রয়োজনীয় বলপ্রয়োগের ঘটনায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এছাড়া, বিরোধী দলগুলোর অভিযোগ ছিল—তিনি নাকি ভিজিট ভিসা মামলার অভিযুক্তদের রক্ষা করছেন। তখনও তার পদত্যাগের দাবি ওঠে।
বর্তমান রক্তক্ষয়ী বিক্ষোভের পর সেই চাপ আরও বেড়ে যায়। অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।