গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন। উত্তর গাজা এলাকায় হামাসের সঙ্গে সংঘর্ষে সেনারা প্রাণ হারান। নিহতরা সবাই একই ইউনিটের সদস্য ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহতরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য। ইয়েদিয়োথ আহরোনোথের খবরে বলা হয়েছে, গাজা সিটিতে একটি সুরক্ষিত ঘাঁটিতে হামাসের আক্রমণেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।
অন্যদিকে আল জাজিরা জানিয়েছে, সোমবার একদিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে ৩২ জন প্রাণ হারান গাজা সিটিতে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ছয়জন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

চিকিৎসকদের তথ্যমতে, নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ওসামা বালউশাও আছেন। স্থানীয় কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৫০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় বিদেশি সংবাদকর্মীদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ফলে আধুনিক ইতিহাসে এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে।
 

Walton Ads