রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে চারজন ইউক্রেনীয় সেনা। রুশ বার্তা সংস্থা তাস সোমবার (৮ সেপ্টেম্বর) একটি ভিডিওর বরাত দিয়ে জানিয়েছে, ক্র্যাসনি লিমান সেক্টরে এই ঘটনা ঘটেছে।

আত্মসমর্পণকারী সেনাদের মধ্যে রয়েছেন ফিওদর লেশচেঙ্কো, ইভান ট্রোশিন, নিকোলে লেভচেঙ্কো ও রুসলান টেসলেনকভ। রাশিয়ার ২৫তম সম্মিলিত সামরিক বাহিনীর যোদ্ধারা ইউক্রেনের ৫৩তম পৃথক যান্ত্রিক ব্রিগেডের এই সেনাদের বন্দি করেছে। টেসলেনকভকে নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পোকরভে পাঠানো হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই কিয়েভে রাশিয়া হামলা চালায়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণে ইউক্রেনের প্রধান সরকারি ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। হামলায় চারজন নিহত হয়েছেন, আরও অনেকেই আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা দিয়েছেন।

গত ১৫ আগস্ট অনুষ্ঠিত বৈঠকটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল। যদিও বৈঠক থেকে কোনো বড় ফলাফল পাওয়া যায়নি, দুই পক্ষ এটিকে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে।
 

Walton Ads