নেপালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। সীমান্তে সম্ভাব্য অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া রোধে সশস্ত্র সীমা বল বা এসএসবি নজরদারি বৃদ্ধি করেছে।
ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, সোমবার ৮ সেপ্টেম্বর হাজার হাজার যুবক নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও সরকারি দুর্নীতির অভিযোগে বড় ধরনের বিক্ষোভ চালায়। এ ঘটনায় ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসএসবির এক কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সতর্কতা পূর্বসতর্কতামূলক, এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ জনগণের চলাচলে স্বাভাবিকতা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।