তুরস্কের ইজমির শহরের কাছে সোমবার একটি পুলিশ স্টেশনে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এক্সে জানিয়েছেন, বালচোভা জেলায় সংঘটিত এই নৃশংস হামলায় দুই কর্মকর্তা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত কিশোর ই.বি.-কে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনাস্থলে তুর্কি গণমাধ্যমকে ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, হামলাকারী কিশোর পুলিশ স্টেশনের একই সড়কের বাসিন্দা। গ্রেপ্তারের সময় কিশোরও আহত হয়। এলবান বলেন, “কিশোরের কোনো অপরাধের রেকর্ড বা পূর্বে গ্রেপ্তারের ইতিহাস নেই। আমরা অনেক খালি শটগান খোসা এবং অব্যবহৃত কার্তুজ দেখেছি। সন্দেহভাজন তার বাবার ১০ বছর আগে কেনা শটগান ব্যবহার করেছে।
ডিএইচএ সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাকারী “একটি লম্বা ব্যারেলের বন্দুক” ব্যবহার করেছে। অন্যদিকে, এনটিভি এটিকে “পাম্প-অ্যাকশন শটগান” হিসেবে বর্ণনা করেছে। পুলিশ স্টেশনে হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট হয়নি।
পুলিশ দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।