নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাঠমান্ডুর তরুণ মেয়র বালেন্দ্র শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবিও উত্থাপিত হয়েছে। যিনি ‘বালেন শাহ’ নামে বেশি পরিচিত, তার জীবন ও রাজনৈতিক যাত্রা এখন পুরো দেশ ও তরুণ প্রজন্মের নজর কেড়েছে।
কে এই বালেন্দ্র শাহ?
বালেন্দ্র শাহর জন্ম ১৯৯০ সালের ২৭ এপ্রিল। তিনি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তবে পরিচিতি তার হিপহপ গানের মাধ্যমে। তিনি র্যাপার, গীতিকার, কবি এবং রাজনীতিক—একই ব্যক্তিতে সব প্রতিভা। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন, যা নেপালের ইতিহাসে একটি নতুন অধ্যায়।
রাজনীতিতে আসার আগে তিনি নেপালের হিপহপ ঘরানার জনপ্রিয় শিল্পী ছিলেন। ২০১৩ সালে ইউটিউব সিরিজ ‘র বার্জ’-এ অংশ নিয়ে পরিচিতি পান। প্রকৌশলে পড়াশোনা শেষে স্থানীয় সরকারে যোগ দেন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
মেয়র হিসেবে সাহসী পদক্ষেপ
মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বালেন্দ্র শাহ নানা সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন।
বিক্ষোভে সমর্থন: জেন জি আন্দোলনের শুরু থেকেই তরুণ প্রজন্মের পাশে ছিলেন। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর সামাজিক মাধ্যমে তিনি বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “প্রিয় জেন জি, সরকারের পদত্যাগের দাবি পূরণ হয়েছে। এখন সংযত হওয়ার সময়। দেশের সম্পদ নষ্ট হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই। নতুন প্রজন্মের উপর নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দায়িত্ব রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেছেন, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে, তবে তা কেবল পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সম্ভব।
কেন এখন আলোচনায়?
ওলির পদত্যাগের পর দেশজুড়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীন তরুণ প্রজন্ম এখন বিকল্প নেতৃত্বের প্রতীক হিসেবে বালেন্দ্র শাহকে সামনে আনছে। তার জনপ্রিয়তা, সাহসী পদক্ষেপ এবং রাজনৈতিক দল থেকে স্বাধীনতা তাকে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বানিয়েছে।