কাতারের রাজধানী দোহা-য় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে কড়া নিন্দা জানিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেছেন, এই ঘটনা অত্যন্ত বিপজ্জনক এবং অপরাধমূলক, যা কাতারের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামাসের একটি সূত্র আল-জাজিরা-কে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল তাদের আলোচক দল।

কাতারের প্রতিক্রিয়া
কাতারও এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা ছিল এমন একটি আবাসিক ভবনের ওপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য বসবাস করতেন।
তিনি আরও বলেন, এটি সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতারের জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার সরকার ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অবহেলা বরদাশত করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও সহ্য করা হবে না। হামলার তদন্ত সর্বোচ্চ স্তরে চলছে এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

 

Walton Ads