মক্কার পবিত্র কাবা শরীফের ঠিক ওপর চাঁদ দেখা গেছে শুক্রবার (১২ সেপ্টেম্বর)। এমন বিরল দৃশ্য আগেও দেখা গিয়েছে; ২০২১ সালে আল আরাবিয়া এই মুহূর্তের ছবি প্রকাশ করেছিল।
ভোরের ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ওপর দিয়ে উঁচুতে অদ্ভুতভাবে অবস্থান নিয়েছিল। সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে বলেছেন, এই দৃশ্য প্রমাণ করে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের গণনা কতটা নিখুঁত। এর ফলে মুসলিমরা নামাজের দিক বা কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।
পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক বিরল ও সুন্দর অভিজ্ঞতা। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি একটি ব্যবহারিক পরীক্ষার মতো ছিল। তারা গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণ মিলিয়ে দেখেছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতার বিশ্লেষণের মাধ্যমে গণনার সঠিকতা যাচাই করেছেন।
মাজেদ আবু জাহরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে। তখন চাঁদ কয়েকটি নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। এই চমৎকার দৃশ্য সৌদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য জায়গা থেকেও দেখা যাবে।
ঐতিহাসিকভাবে, সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান মুসলিম জ্যোতির্বিদ্যায় সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। এটি নামাজের সময়, কিবলা নির্ধারণ ও অন্যান্য আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কাজে সহায়তা করে। এমন মহাজাগতিক ঘটনা আজও মুসলিমদের আধ্যাত্মিকতা এবং জ্যোতির্বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আগ্রহ উভয়কেই জাগিয়ে তোলে।