ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু মাত্র কয়েক ঘণ্টা আগে মন্ত্রিসভা ঘোষণা করার পরই পদত্যাগ করেছেন। খবর দিয়েছে বিবিসি।
আজ সোমবার সকালে লেকর্নু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে এলিসি প্রাসাদ এই পদত্যাগের ঘোষণা দিয়েছে।
মাত্র ২৬ দিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া লেকর্নুর আকস্মিক পদত্যাগ দেশটির রাজনৈতিক অচলাবস্থাকে আরও জটিল করে তুলেছে।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কয়েক সপ্তাহের পরামর্শের পর, ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র লেকর্নু রবিবার রাতে তার মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন। আজ সোমবার বিকেলে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু লেকর্নু তার গঠিত মন্ত্রী পরিষদ নিয়ে মিত্র ও বিরোধী উভয়ের সমালোচনার মুখে পড়েন। দলগুলো মনে করেছে এটি খুব বেশি ডানপন্থি বা পর্যাপ্ত নয়। অভিযোগ ছিল, পূর্ববর্তী ফ্রাঁসোয়া বেয়ারুর সরকারের মন্ত্রিসভা মূলত অপরিবর্তিত থাকায় নতুন সরকারকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে।
সোমবার সকালে লেকর্নু প্রেসিডেন্ট ম্যাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।
এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, “সেবাস্তিয়ান লেকর্নু প্রেসিডেন্টের কাছে তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।”
অতি-ডানপন্থি ন্যাশনাল র্যালি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ম্যাখোঁকে আগাম সংসদীয় নির্বাচনের আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের রাজনীতি ২০২২ সালের পুনর্নির্বাচনের পর থেকে ক্রমশ অস্থিতিশীল, কারণ কোনো দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। লেকর্নুর পদত্যাগের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও উদ্বিগ্ন হয়ে উঠেছে।