গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউক্রেনে এখনো থামেনি রক্তপাত। এই বৈপরীত্য নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেছেন—গাজায় যদি শান্তি ফিরে আসে, তাহলে ইউক্রেনে কেন নয়?

শনিবার ট্রাম্পকে ফোন করে জেলেনস্কি গাজা শান্তিচুক্তির জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি ট্রাম্পকে আহ্বান জানান, ইসরাইল–হামাসের মতো রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ করতেও যেন উদ্যোগী হন।

নিজের এক্স (Twitter) অ্যাকাউন্টে জেলেনস্কি লেখেন, “ট্রাম্পের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কথোপকথন ছিল খুবই ইতিবাচক ও ফলপ্রসূ। গাজায় শান্তিচুক্তির জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। যদি ইসরাইল–হামাস যুদ্ধ বন্ধ হতে পারে, তাহলে অন্য যেকোনো যুদ্ধও থামানো সম্ভব—রাশিয়া–ইউক্রেন যুদ্ধও শেষ হতে পারে।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও একাধিকবার এই যুদ্ধ থামানোর উদ্যোগ নিয়েছেন। তিনি আলাদা করে বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে, তবে এখনো কার্যকর কোনো সমাধান মেলেনি।
সূত্র বলছে, জেলেনস্কি শিগগিরই ট্রাম্পের সঙ্গে ফের সরাসরি বৈঠকে বসতে পারেন।

 

Walton Ads