গাজায় হামাসের হাতে আটক থাকা সব ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, দ্বিতীয় ধাপে ১৩ জন জিম্মিকে রেডক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার, ১৩ অক্টোবর সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জন জিম্মিকে রেডক্রসের কাছে তুলে দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মুক্তিপ্রাপ্ত ৭ জন জিম্মি ইতিমধ্যে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছেন। বাকী ১৩ জন বর্তমানে ইসরায়েলের পথে আছেন।
এই জিম্মিদের হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের অভিযান চলাকালীন অপহরণ করেছিল। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আছে যমজ ভাই জিভ এবং গালি বারম্যানও। সকালে তাদের গাজায় একসঙ্গে দেখা গেছে।
হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে, ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসের দৃশ্যও প্রকাশিত হয়েছে, যারা ইসরায়েল মুক্তি দিচ্ছে।
মুক্তির বিনিময়ে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং ১,৭০০-এরও বেশি আটক ব্যক্তিকে মুক্তি দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন। অল্পক্ষণের মধ্যেই তিনি ইসরায়েলি সংসদে ভাষণ দেবেন, যা সরাসরি সম্প্রচারিত হবে। এরপর তিনি বিশ্বনেতাদের সঙ্গে অংশ নেবেন মিসরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে।