ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের এল ক্যালাও এলাকায় ভয়াবহ সোনার খনি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন খনি শ্রমিক। ভারি বৃষ্টিপাতের পর এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

তিনটি সুড়ঙ্গ থেকে উদ্ধার মরদেহ

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ঘটনাস্থলের তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তবে এখনো উদ্ধার অভিযান চলছে এবং নিখোঁজ আরও কয়েকজনের সন্ধান অব্যাহত রয়েছে।

উদ্ধার তৎপরতা চলছে পূর্ণ গতিতে

এক বিবৃতিতে জাতীয় রিস্ক সিস্টেম টিম জানায়, প্রথম ধাপে খনির ভেতরের পানি নিষ্কাশনের কাজ চলছে।
পানি কমে গেলে পরবর্তী ধাপে উদ্ধারকাজ জোরদার করা হবে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গভীর ও কাদাময় জায়গায় কাজ করায় অভিযান জটিল হয়ে পড়েছে।

বারবার দুর্ঘটনা ঘটছে এই খনিগুলোতে

ভেনেজুয়েলায় বহু বছর ধরে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থেকে বিপুল সম্পদ আহরণ করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব খনিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং তদারকি প্রায় নেই বললেই চলে।
ফলে প্রায়ই খনি ধসের মতো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, আর প্রাণ হারাচ্ছেন সাধারণ শ্রমিকরা।

 

Walton Ads