ইহুদিবাদী ইসরাইলের সাইবার নিরাপত্তা দুনিয়ায় বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। দেশটির এক শীর্ষ সাইবার বিশেষজ্ঞ স্বীকার করেছেন যে, ইসরাইলের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য এখন ইরানের হাতে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের বিখ্যাত ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা চেক পয়েন্ট ইনস্টিটিউটের তথ্য বিভাগের পরিচালক সের্গেই শুকোভিচ সম্প্রতি মা'আরিভ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“আমি নিশ্চিতভাবে বলতে পারি — আজ ইরানের কাছে ইসরাইলের প্রতিটি ব্যক্তির তথ্য রয়েছে।”
তিনি আরও বলেন, ইসরাইলিরা সাধারণত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকেই হুমকি মনে করে, কিন্তু প্রকৃত যুদ্ধ এখন চলছে সাইবার দুনিয়ায়।
“ইরানের হাতে এখন ইসরাইলের ডিজিটাল চাবি”
মা’আরিভে প্রকাশিত প্রতিবেদনে শুকোভিচ জানান, ইরানি হ্যাকাররা এখন প্রত্যেক ইসরাইলির সম্পূর্ণ ব্যক্তিগত ডেটা সংগ্রহ করেছে। তিনি বলেন,
“ইরানিরা আমাদের ভাষা—হিব্রু—এর বাধাও পেরিয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন খেলার সব নিয়ম বদলে দিয়েছে।”
২০১৫ সাল থেকেই সাইবার অগ্রগতি
সের্গেই শুকোভিচ ইসরাইলি সেনাবাহিনীর খ্যাতনামা ৮২০০ সাইবার ইউনিটে ৯ বছরেরও বেশি সময় কাজ করেছেন। পরবর্তীতে বিভিন্ন সাইবার সিকিউরিটি কোম্পানিতে কাজ শেষে তিনি যোগ দেন চেক পয়েন্টে।
তার দাবি, ২০১৫ সাল থেকেই ইরান সাইবার প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করছে, এবং গত কয়েক বছরে তারা এক নতুন স্তরে পৌঁছে গেছে।
“প্রত্যেক ইসরাইলির তথ্য এখন সম্পূর্ণ ফাইল আকারে”
শুকোভিচের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানিরা ধারাবাহিকভাবে তাদের সাইবার অভিযান জোরদার করেছে। এর ফলেই এখন ইরানের হাতে রয়েছে ইসরাইলিদের ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বাসার ঠিকানা, পারিবারিক সম্পর্ক, এমনকি পাসওয়ার্ড ও কেনাকাটার অভ্যাস পর্যন্ত!
তিনি বলেন,
“আমাদের প্রত্যেকেরই একটি করে ‘সম্পূর্ণ ফাইল’ এখন তাদের হাতে।”
এই বিস্ফোরক তথ্য প্রকাশের পর ইসরাইলি সমাজে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— দেশটির নিরাপত্তা ব্যবস্থাই যদি এত দুর্বল হয়, তাহলে সাধারণ মানুষের গোপনীয়তা কতটা সুরক্ষিত?