সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার (১৫ অক্টোবর) প্রথমবার রাশিয়া সফর করেছেন। এই সফরে তিনি মস্কোকে দামেস্কের প্রাক্তন নেতা বাশার আল আসাদকে হস্তান্তর করার জন্য অনুরোধ করবেন।
রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাশার আল আসাদ দীর্ঘদিন সিরিয়ার শাসক ছিলেন। গত ডিসেম্বরে এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে তিনি মস্কোতে আশ্রয় নেন।
সিরিয়ার ওই কর্মকর্তা বলেন, “শারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী ও রাশিয়ায় বসবাসকারী ব্যক্তিদের, বিশেষ করে বাশার আল আসাদকে হস্তান্তর করার জন্য অনুরোধ করবেন।”
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শারা মস্কো এসেছেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ নিয়ে আলোচনা করার জন্য। তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
ক্রেমলিন জানিয়েছে, বুধবার আলোচনায় পুতিন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে শারা'র সঙ্গে আলোচনা করবেন।
সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটি রয়েছে — লাতাকিয়া প্রদেশের হামেইমিম বিমান ঘাঁটি এবং উপকূলে তারতুসে নৌঘাঁটি।