কয়েকদিন ধরে সীমান্তে চলা সামরিক সংঘর্ষের উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আফগান তালেবান সরকারের অনুরোধ এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পাকিস্তান ও তালেবান ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এটি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।”

এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপে অংশ নেবে, যাতে সীমান্তে চলমান সমস্যার একটি ইতিবাচক এবং টেকসই সমাধান খুঁজে বের করা যায়।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে নির্ভুল হামলা চালানোর পরপরই যুদ্ধবিরতির খবর আসে।

সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো বহিরাগত আগ্রাসনের কার্যকর প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখে এবং শক্তি ও সংকল্পের সঙ্গে জাতীয় সীমান্ত রক্ষা অব্যাহত রাখবে।

 

Walton Ads