ভারতের ত্রিপুরা রাজ্যে গোপনভাবে প্রবেশ করা তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

৫৫ বিজিবির মিডিয়া সেল বুধবার রাতের দিকে এ খবর নিশ্চিত করেছে। নিহতদের সম্ভাব্য বাড়ি সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে নাম এবং ঠিকানা নিশ্চিত করতে বিজিবি আরও তথ্য সংগ্রহ করছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতদের নাম-পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।”

বিজিবি সূত্রে জানা যায়, কয়েক দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিক গোপনে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন।

স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির সন্দেহে সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এই ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজিবি।

 

Walton Ads