আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষের খবর দিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি, আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করা ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারী’কে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন এই খবর প্রকাশ করেছে।
পিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযানটি পরিচালিত হয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের মোহমান্দ জেলায়, যেখানে সীমান্ত পেরিয়ে কয়েক ডজন ‘জঙ্গি’ পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের প্রবেশ ব্যর্থ করে দেয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাহাদর কালাইয়ের পর্বতময় খোর এলাকায় জঙ্গিদের বড় একটি দল জড়ো হচ্ছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। “নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক অভিযান চালায়,” এক কর্মকর্তা জানিয়েছেন।
পিটিভি দাবি করেছে, এই অভিযানে কমপক্ষে ৩০ জন ‘সন্ত্রাসী’কে নির্মূল করা হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র সংস্থা আইএসপিআর এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
পিটিভি নিউজ তাদের প্রতিবেদনে আরও বলেছে, “এই ঘটনাটি প্রমাণ করে যে, আফগান সরকার সরাসরি পাকিস্তানে হামলা চালাতে ব্যর্থ হয়ে এখন প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর নির্ভর করছে।”
বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলছে। সীমান্তে নিয়মিত গোলাগুলি, পাল্টা অভিযান ও পারস্পরিক অভিযোগ এখন ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠেছে।