মপবিত্র মক্কা নগরীকে ঘিরে নতুন এক বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব। এই প্রকল্পের আওতায় গ্র্যান্ড মসজিদের বাইরের এলাকা জুড়ে উঁচু টাওয়ার, আবাসিক ভবন, হোটেল এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে।

‘কিং সালমান গেট’ নামে পরিচিত এই উন্নয়ন প্রকল্পটি বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে প্রায় ১২ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে তৈরি হচ্ছে এই বিশাল প্রকল্প। এতে থাকবে নামাজ, আবাসন, বাণিজ্যিক ও আতিথেয়তা সুবিধা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— ইনডোর ও আউটডোর মিলিয়ে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা প্রকল্পের এক প্রচারমূলক ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর পাশে আকাশছোঁয়া সুউচ্চ ভবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আকাশে উড়ছে শান্তির প্রতীক সাদা পায়রা।

এই মেগা প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ‘রুয়া আলহারাম আলমাক্কি’ নামের একটি প্রতিষ্ঠান। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি শেষ হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য পবিত্র মক্কায় প্রতি বছর ৩ কোটি হজযাত্রীকে স্বাগত জানানো। এজন্য মক্কা-মদিনা অঞ্চলে চলছে একের পর এক উন্নয়ন উদ্যোগ। কারণ, ইসলামী বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এই নগরী শুধু ধর্মীয় নয়, আবেগ ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু।

Makkah development vision

Walton Ads