পাকিস্তান মহাকাশ অভিযানে বড় এক সাফল্য অর্জন করেছে। প্রথমবারের মতো দেশটি নিজস্ব হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ‘এইচএস-১’ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে।

পুরো উৎক্ষেপণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হয় পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন -এর করাচি কমপ্লেক্স থেকে। উৎক্ষেপণের মুহূর্তে দেশের বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

সুপারকোর এক মুখপাত্র জানান, এই স্যাটেলাইট পাকিস্তানের প্রযুক্তিগত অগ্রযাত্রার নতুন অধ্যায় রচনা করেছে। তিনি বলেন, “স্যাটেলাইটটি বন্যা ও ভূমিধসের পূর্বাভাস, পরিবেশ পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অবকাঠামো উন্নয়ন ও নগর পরিকল্পনাতেও এটি ব্যাপক সহায়তা দেবে।”

মুখপাত্র আরও বলেন, “এই সফল উৎক্ষেপণ পাকিস্তানের জাতীয় মহাকাশ নীতি ও ‘ভিশন ২০৪৭’-এর অংশ, যা দেশের টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।”

এটি এ বছরের পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ। এর আগে ‘ইও-১’ এবং ‘কেএস-১’ সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, এইচএস-১ স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের মহাকাশ কর্মসূচিকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে। চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা এই প্রকল্পের সফলতায় বড় ভূমিকা রেখেছে, যা ভবিষ্যতে দুই দেশের মহাকাশ গবেষণায় আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ইঙ্গিত দিচ্ছে।

 

Walton Ads