ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁর বিরুদ্ধে যৌনতাবাদী সাইবার হয়রানির অভিযোগে অভিযুক্ত ১০ জন ব্যক্তির বিরুদ্ধে প্যারিসে বিচার শুরু হয়েছে। অভিযুক্তরা অনলাইনে একটি ভয়াবহ ও মিথ্যা তথ্য প্রচার করেন যে, ফার্স্ট লেডি জন্মের সময় পুরুষ ছিলেন।
সোমবার (২৭ অক্টোবর) ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, এই মিথ্যা তথ্য প্রচারের জন্য ব্রিজিট এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কয়েক মাস আগে মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার ভিত্তিতেই আজ এই বিচারকাজ শুরু হলো।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে ভিত্তিহীন দাবিটি ছড়িয়ে আসছিল। এর পাশাপাশি তারা স্বামী-স্ত্রীর মধ্যেকার ২৪ বছরের বয়সের ব্যবধানেরও তীব্র সমালোচনা করেছে।
১০ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর অভিযোগ
অভিযুক্তদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। সোমবার প্যারিসের ফৌজদারি আদালতে বিচার শুরু হলেও, ফার্স্ট লেডি এতে অনুপস্থিত ছিলেন। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রসিকিউটরদের মতে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্রিজিট ম্যাক্রোঁর লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। এমনকি স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্যকে 'শিশু যৌন নির্যাতন' বলেও জঘন্যভাবে প্রচার করা হয়েছে।
ফরাসি ফার্স্ট লেডি ২০২৪ সালের আগস্ট মাসে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন। এর ফলে ওই বছরের ডিসেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সাইবার-হয়রানির তদন্ত শুরু হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।