২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী টুর্নামেন্টে রূপ দিতে চায় আয়োজক দেশ সৌদি আরব। এই লক্ষ্যেই তারা পরিকল্পনা করছে এমন এক আকাশছোঁয়া স্টেডিয়াম নির্মাণের, যা ফুটবল ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অনন্য স্টেডিয়ামটি তৈরি হবে ১,১৫০ ফুট উচ্চতার একটি গগনচুম্বী ভবনের ওপর। এটি হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত ক্রীড়া ভেন্যু। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের এই দেশ সৌদি আরবে।
এই বিশাল আয়োজনকে ঘিরে সৌদি আরব ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের। স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে ‘নিমো স্কাই স্টেডিয়াম’। এটি নির্মাণ হবে ভবিষ্যৎ নগর ‘দ্য লাইন’-এ, যা সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পের অংশ। ভূপৃষ্ঠ থেকে ১,১৫০ ফুট ওপরে স্থাপিত এই স্টেডিয়াম শুধু আধুনিকতার প্রতীকই নয়, বরং উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের এক অনন্য নিদর্শন হবে।
নিমো স্কাই স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। এই আকাশে ঝুলন্ত স্টেডিয়ামে একসঙ্গে ৪৬,০০০ দর্শক খেলা উপভোগ করতে পারবেন। পুরো কাঠামোটিই হবে পরিবেশবান্ধব উপকরণে তৈরি, যা সৌদি আরবের সবুজ ভবিষ্যতের অঙ্গীকারকে আরও জোরদার করবে।
প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভবিষ্যতমুখী স্কাই স্টেডিয়ামে। ২০২৬ সালে শুরু হবে নির্মাণকাজ, যা ২০৩২ সালের মধ্যেই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই প্রকল্প ফুটবলের দুনিয়ায় এক নতুন অধ্যায় সূচনা করতে পারে — যেখানে খেলা হবে আকাশের ওপরে, মেঘের কাছাকাছি!