আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বোমা হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তালেবান প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৫ নভেম্বর মধ্যরাতে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আলজাজিরাকে জানান, খোস্তের গুরবুজ জেলার স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে এই হামলা চালানো হয়। বিস্ফোরণে পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়।

মুজাহিদ বলেন, “নিহতদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে রয়েছে। এছাড়া একজন নারীও প্রাণ হারিয়েছেন।” তিনি আরও দাবি করেন, খোস্ত ছাড়াও কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী একাধিক হামলা চালিয়েছে, যেখানে আরও বহু বেসামরিক মানুষ আহত হয়েছেন।

তবে পাকিস্তানের পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানা যায়নি।

Walton Ads