বিশিষ্ট আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হওয়ার পর সংগঠনের প্রতিক্রিয়া নিশ্চিত—আর সেই প্রতিক্রিয়া হবে ইসরায়েলের জন্য কঠোর ও অত্যন্ত বেদনাদায়ক।

ফিলিস্তিনি এই বিশ্লেষক নিজের নিবন্ধে লিখেছেন, হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবায়িকে টার্গেট করা হবে—এটা আগেই অনুমেয় ছিল। কারণ, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিয়মিত বৈরুতের আকাশে চক্কর দেয়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে এবং মার্কিন প্রেসিডেন্ট ও গোয়েন্দা সংস্থার সমন্বয়েই এই হামলা চালানো হয়েছে।

আতওয়ানের মতে, ইসরায়েলের এমন প্রদর্শনীমূলক হামলা দেখায় তারা আতঙ্কে আছে। হিজবুল্লাহর তরুণ কমান্ডারদের নেতৃত্বে ভবিষ্যৎ বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় তটস্থ তেলআবিব।

তিনি লেখেন, “হিজবুল্লাহর সামরিক নেতৃত্ব অত্যন্ত নীরবে কাজ করে। তারা ঠিক করবে—কখন, কোথায় এবং কীভাবে এই হত্যার জবাব দেওয়া হবে।”

আতওয়ান দাবি করেন, নেতানিয়াহু চান হিজবুল্লাহ যেন তড়িঘড়ি প্রতিশোধ নেয়। তাহলে লেবাননের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্র—তিন দিক থেকে বড় আক্রমণের যুক্তি দাঁড় করাতে পারবেন। তবে হিজবুল্লাহ সেই ফাঁদে পা দেবে না। তারা নিজেদের সামরিক প্রস্তুতি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে।

তিনি লিখেছেন, “আলী তাবাতাবায়ি হত্যাকাণ্ড এবং গত এক বছরে ইসরায়েলের সাত হাজারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন প্রমাণ করে—অস্ত্র না ছাড়ার হিজবুল্লাহর সিদ্ধান্ত একদম যৌক্তিক।”

আতওয়ান প্রশ্ন তোলেন, “যদি হিজবুল্লাহ সত্যিই দুর্বল হয়ে পড়ে, তবে ইসরায়েলের হামলা কেন দিন দিন বাড়ছে?”

তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহর মহাসচিব থেকে শুরু করে শীর্ষ কমান্ডারদের হত্যার চেষ্টা করেছে। ভয়াবহ পেজার বিস্ফোরণের ঘটনায় প্রায় চার হাজার মানুষ হতাহত হয়। তবুও হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলন ভাঙেনি।

আতওয়ান লিখেছেন, “একজন কমান্ডার শহীদ হলে অন্যজন তাঁর জায়গা নেয়। তাই আলী তাবাতাবায়ির শাহাদাত হিজবুল্লাহকে দুর্বল করবে না। হিজবুল্লাহ হলো ‘কমান্ডার-সৃষ্টিকারী’ সংগঠন।”

আতওয়ান স্পষ্ট করে বলেন, “এই হত্যাকাণ্ডের জবাব অবশ্যই দেবে হিজবুল্লাহ—আর তা হবে ইসরায়েলের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

তিনি সবাইকে মনে করিয়ে দেন—ইসরায়েলকে লেবাননে পরপর দুইবার পরাজিত করা একমাত্র শক্তি হিজবুল্লাহ। তৃতীয়বারও এমনটি ঘটতে পারে।

গত রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইথাম আলী তাবাতাবায়ি শহীদ হন।

Walton Ads