আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় একই পরিবারের ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, আল জাজিরার বরাতে মঙ্গলবার।
মুজাহিদ জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতে খোস্তের গুরবুজ জেলায় ওয়ালিয়াত খান নামের এক বাসিন্দার বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালালে, পাঁচ ছেলে, চার মেয়ে এবং এক নারী ঘটনাস্থলেই মারা যান। হামলায় বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও বলেন, খোস্ত ছাড়াও উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পক্তিকা প্রদেশে পাকিস্তানের আরও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
তালেবান প্রশাসন এই হামলাকে “বিপজ্জনক উসকানি” হিসেবে আখ্যায়িত করেছে এবং পাকিস্তানকে অবিলম্বে এই ধরনের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে।