ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প। পশ্চিম সুমাত্রা উপকূলের সিমেলুয়ে দ্বীপে ৬.৬ মাত্রার কম্পন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের কেন্দ্র ছিল মাটির ২৫ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সুনামি সতর্কতাও জারি হয়নি।

ভারত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ সংস্থা বিএমকেজি বলছে, তাদের গণনায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি নিশ্চিত করেছে, এই কম্পন সুনামি ঘটানোর মতো শক্তি বহন করেনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি—প্রশান্ত মহাসাগরের ভয়াবহ ‘রিং অব ফায়ার’ এলাকায় অবস্থিত হওয়ায় দেশটিতে এমন শক্তিশালী কম্পন প্রায়ই অনুভূত হয়।

 

Walton Ads