হংকংয়ের ওয়াং ফুক কোর্টে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সরকারি ভবনের সামনে হংকংয়ের নেতা জন লি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা তিন মিনিটের নীরবতা পালন করেন। এই সময় চীন ও হংকংয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।
নিহতদের আত্মার শান্তি কামনা করে সরকার হংকংজুড়ে বেশ কয়েকটি স্মরণস্থল তৈরি করেছে। সাধারণ মানুষ সেখানে গিয়ে ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে এবং সমবেদনা বার্তা লিখে মৃতদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারবেন।
এই ভয়াবহ দুর্যোগের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। অনেক স্থানীয়ই সরাসরি অভিযোগ তুলেছেন যে, অকেজো অগ্নিসংকেত ব্যবস্থা এবং পুনর্নির্মাণ কাজে চরম অবহেলাই এই বিপর্যয়ের মূল কারণ। যদিও এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, ভবনের জানালার বাইরে লাগানো পলিস্টাইরিন ইনসুলেশন এবং সুরক্ষা জাল, এবং বাঁশের তৈরি ভরটুলি (স্ক্যাফোল্ডিং) আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য মূলত দায়ী।
তদন্তকারী দল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ ধরে তারা এই ঘটনার তদন্ত চালাবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যেই সংস্কার কাজের সাথে যুক্ত মোট ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি, চরম অবহেলা এবং প্রাণহানির দায়ে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।