দুর্নীতির মামলায় কোণঠাসা হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক চিঠি দিয়ে তিনি ক্ষমার আবেদন জমা দিয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয় বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, এটা একটা “বিশেষ গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী” আবেদন। সবার মতামত নিয়ে দায়িত্বশীলভাবে রাষ্ট্রপতি এটি মূল্যায়ন করছেন।
চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, ক্ষমা পেলে তিনি পুরো সময় আর শক্তি দিয়ে দেশকে এই সংকটের মধ্যে এগিয়ে নিতে পারবেন। দেশের ভেতরের উত্তেজনা কমবে, মানুষের মধ্যে দূরত্বও কমে যাবে। তিনি পুরো মনোযোগ শুধু জাতীয় শক্তি বাড়ানোতেই দিতে চান।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় এখনো আসেনি। সাধারণত রায়ের পরই কেউ ক্ষমা চাইতে পারে। কিন্তু নেতানিয়াহু রায়ের আগেই ক্ষমা চেয়ে বসলেন – এটা ইসরায়েলের ইতিহাসে খুবই বিরল। তবে আইনে রাষ্ট্রপতি চাইলে রায়ের আগেও ক্ষমা দিতে পারেন।
উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটা আলাদা দুর্নীতির মামলা চলছে। এর মধ্যে একটাতে ঘুষ নেওয়ার অভিযোগও আছে। সব মামলাতেই জালিয়াতি আর বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। ২০২০ সালে বিচার শুরু হলেও এখনো কোনো মামলার রায় আসেনি।