ইমরান খানের মৃত্যুর গুজবকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সিনেটর খুররম জিশান। তিনি নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খুররম জিশান চাঞ্চল্যকর দাবি করেন যে, ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তায় পাকিস্তান সরকার ভীতসন্ত্রস্ত। তাই তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখে দেশত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। এই কারণেই ইমরান খানের কোনো সাম্প্রতিক ছবি বা ভিডিও জনসাধারণের দেখতে না দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
কয়েকদিন আগে আফগানিস্তান থেকে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ে যে, ইমরান খানকে কারাগারেই হত্যা করা হয়েছে। এই গুজবকে আরও শক্তি দেয় আরেকটি ঘটনা—আদালতের সরাসরি নির্দেশ থাকা সত্ত্বেও প্রায় এক মাস ধরে ইমরানের পরিবারের কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছে না পাকিস্তান কর্তৃপক্ষ। এই অদ্ভুত পরিস্থিতিতেই গুজবটি আরো জোরালো হয়ে উঠেছে।
এএনআই-কে খুররম জিশান বলেন, "এটি সত্যিই খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাঁকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা, এমনকি তাঁর ব্যক্তিগত আইনজীবী এবং দলের সিনিয়র নেতারাও তাঁকে দেখা করতে পারছেন না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। মনে হচ্ছে, তাকে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা চলছে।"
তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মহল থেকে তাঁদের ‘গ্যারান্টি’ দেওয়া হয়েছে যে ইমরান খান নিঃসন্দেহে বেঁচে আছেন, সুস্থ আছেন এবং এখনও আদিয়ালা কারাগারেই আটক রয়েছেন।