গাজার রাফাহ শহরের কাছে একটি ভূগর্ভস্থ টানেলে হানা দিয়ে গত সপ্তাহে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। রোববার ৩০ নভেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগের দিন শনিবার সেনাবাহিনী জানিয়েছিল, রাতে একটি ভূগর্ভস্থ পথ থেকে বেরিয়ে আসার সময় চারজন ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ গাজায় বিস্তৃত টানেল নেটওয়ার্কে এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে—যার বড় অংশই ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার নিচ দিয়ে গেছে।

গত ৪০ দিন ধরে ইসরায়েল পূর্ব রাফাহ ঘিরে টানা সামরিক অভিযান চালাচ্ছে। তাদের লক্ষ্য—এই অঞ্চলের টানেল রুটগুলো ধ্বংস করা এবং এর ভেতরে থাকা যোদ্ধাদের নির্মূল করা।

বিবৃতিতে আরও বলা হয়, গত সপ্তাহের অভিযানে ৪০-এর বেশি হামাস সদস্যকে হত্যা ছাড়াও মাটির ওপর ও নিচে থাকা কয়েক ডজন টানেল শ্যাফ্ট এবং যোদ্ধাদের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার একাধিক সূত্র এএফপিকে জানায়, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে এখনও থাকা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে—তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

এদিকে বুধবার হামাস প্রথমবারের মতো প্রকাশ্যে দেশগুলোর মধ্যস্থতায় অনুরোধ জানায়—ইসরায়েল যেন তাদের যোদ্ধাদের জন্য নিরাপদ পথের অনুমতি দেয়। এই স্বীকারোক্তি যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

Walton Ads