ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে এক ফিলিস্তিনি খামারির বাড়িতে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি স্যাটেলাররা। হামলায় খামারির একাধিক ভেড়া শক্ত বস্তু ও ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এই নৃশংস ঘটনার পুরো দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ফুটেজে দেখা যায়, ভেড়াগুলোর শরীরে বড় লোহার রড দিয়ে আঘাত করা হচ্ছে। এক পর্যায়ে হামলাকারীরা ক্যামেরাটি ভেঙে ফেলে। ভিডিওতে রক্তমাখা একটি ভেড়াকে নিথর পড়ে থাকতে দেখা যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ঘটনার খবর পাওয়ার পর সামু শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে, কাছের সুসইয়া বসতি থেকে আসা স্যাটেলাররাই এই হামলায় জড়িত।

একটি আরব সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেড়াগুলোর মালিক মাহমুদ আল-দাঘামিন। হামলাকারীরা প্রথমে তার বাড়িতে পাথর ছোড়ে এবং জানালার কাচ ভেঙে ফেলে, এরপর ভেড়াগুলোর ওপর হামলা চালায়।

ভেড়াগুলো হত্যার পাশাপাশি হামলাকারীরা আরও তিন ফিলিস্তিনিকে মরিচের গুঁড়া ছিটিয়ে আঘাত করে। পরে আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর হামলাকারীদের একটি কম্পাউন্ডে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচ ইসরায়েলি স্যাটেলারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রমাণও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Walton Ads