নেপালকে কোনোভাবেই 'দ্বিতীয় বাংলাদেশ' হওয়ার পথে যেতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এক সাম্প্রতিক অনুষ্ঠানে তিনি বিরোধী রাজনৈতিক দল ও জেনারেশন জেড (জেন-জেড) তরুণদের চাপের কথা উল্লেখ করে বলেন, তার সরকার পদত্যাগ করবে না।
প্রধানমন্ত্রী কার্কি অভিযোগ করেন, কিছু মহল প্রতিনিয়ত তার সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করছে। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো আমাদের কঠোরভাবে সমালোচনা করছে। কেউ কেউ তো প্রতিদিনই সরকার ছাড়ার কথা বলছে। জেন-জেড তরুণরাও বলে আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ছাড়ার মানে কী?"
তিনি আরও যোগ করেন, সরকার দায়িত্ব ছাড়লে তারাই আবার পরদিন অপমান করে বলে, "তোমাদের সুযোগ ছিল, এখন চলে যাচ্ছ।" কার্কির মতে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান দোদুল্যমান হয়ে পড়ছে।
কার্কি জানান, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জেড তরুণ নানা রকম দাবি নিয়ে সরকারের কাছে আসছেন। এই চাপের কারণে সরকারের জন্য শান্তিতে থাকা কঠিন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তবে এসব চাপের মুখেও প্রধানমন্ত্রী কার্কি দৃঢ় অবস্থান দেখিয়ে বলেন, "আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ হতে চাই না।" তার এই মন্তব্য নেপালের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং দেশটির ভবিষ্যৎ চলার পথ নিয়ে স্থানীয় পর্যবেক্ষকদের মধ্যে নতুন আলোচনার সূত্রপাত করেছে।