ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের আরবি সংস্করণ স্কাই নিউজ অ্যারাবিক। সাম্প্রতিক এক প্রতিবেদনে তারা এই তথ্য প্রকাশ করেছে, যা গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
প্রতিবেদনে ফিলিস্তিনি ও হামাস-ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে বলা হয়, হামাস ইতোমধ্যে তাদের কিছু অস্ত্র এবং গোপন সুড়ঙ্গ নেটওয়ার্কের মানচিত্র মার্কিন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে মার্কিন পক্ষ থেকে হামাসের নেতাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা গাজায় রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে এবং ভবিষ্যৎ গাজার প্রশাসন ও পুলিশ বিভাগে হামাসের কিছু নেতা, কর্মী ও সমর্থককে অন্তর্ভুক্ত করা হবে।
তবে এই অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে— সংশ্লিষ্ঠ নেতা-কর্মীদের তথাকথিত ‘ইসরাইলি-আমেরিকান সিকিউরিটি চেক’ পাস করতে হবে। সমালোচকদের মতে, এটি মূলত গাজার অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখার একটি কৌশল।
প্রতিবেদনে আরও বলা হয়, অস্ত্র সমর্পণের পর হামাসের যেসব নেতা বা কর্মী গাজা ছেড়ে বিদেশে যেতে চান, তাদের বিদেশের মাটিতে কখনো লক্ষ্যবস্তু করা হবে না— এমন প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এ বিষয়ে বিস্তারিত জানতে স্কাই নিউজ অ্যারাবিক হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কেউই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্রের বরাতে জানা গেছে, এই সমঝোতায় ইসরাইল মোটেও সন্তুষ্ট নয়।
বিশেষ করে গাজার প্রশাসনে হামাসের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলে তীব্র আপত্তি রয়েছে। কারণ, তাদের লক্ষ্য ছিল হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা— কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় রাখা নয়।
তবে ইসরাইলের এই আপত্তিকে গুরুত্ব দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।