ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর উদ্যোগে কানাডা আপত্তি জানিয়েছে—এমন অভিযোগ তুলে নতুন করে বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে কানাডা বরং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করছে। আর এই সুযোগেই শেষ পর্যন্ত চীন কানাডাকে ‘গিলে খাবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,
“গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে কানাডা। অথচ এই গোল্ডেন ডোম কানাডাকেও সুরক্ষা দিত। আমাদের সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে—যারা এক বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে।”
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন ট্রাম্প। প্রায়ই দেশটির নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করতে দেখা যাচ্ছে তাকে।
এরই মধ্যে চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা। ওই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এই চুক্তিতে সই করেন। এই ঘটনার পরপরই ট্রাম্প দাবি করেন, বাণিজ্যের আড়ালেই চীন কানাডাকে গ্রাস করার পথে এগোচ্ছে।
তবে বাস্তবতা হলো—কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখনো যুক্তরাষ্ট্রই। এরপরেই অবস্থান চীনের। একসময় দুই দেশের সম্পর্ক খারাপ থাকলেও সাম্প্রতিক সময়ে কানাডা ও চীন আবারও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, এই ঘনিষ্ঠতাই ওয়াশিংটনের অস্বস্তির মূল কারণ।