যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পরিবেশ ধ্বংসকারী এবং মানবসৃষ্ট পরিবেশগত সংকটের মূল কারণ—এমনই কঠোর মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-এর ভারপ্রাপ্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি।

রোববার তেহরানের ইমাম হুসেন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইরানের পরিবেশগত বিপদ ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, পরিবেশগত নীতিমালা মানতে ব্যর্থ হওয়ায় আমেরিকা ও পশ্চিমা দেশগুলো আজ মানবসৃষ্ট বিপর্যয়, পরিবেশ ধ্বংস এবং এমনকি মহাকাশকে সামরিকীকরণের প্রধান হোতায় পরিণত হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি বলেন, পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ঝুঁকিকেই গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তার মতে, ভূমিকম্প, ভূগর্ভস্থ পানির স্তর, ভূমি অবনমন এবং আগ্নেয়গিরির মতো বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি।

তিনি আরও বলেন, জীবমণ্ডল বিশ্লেষণের সময় পরিবেশগত ভারসাম্যের ব্যাঘাত, খরা এবং জৈবিক জীবাণুমুক্তকরণের মতো বিষয়গুলো স্বাভাবিকভাবেই বিবেচনায় নিতে হবে। একইভাবে সুনামি, মহাসাগরের গতিবিধি, নদীর প্রবাহ, বন্যা এবং সমুদ্র স্রোতের চক্রও গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন। আবহাওয়ার ধরন, মেঘের গঠন, বৃষ্টিপাত এবং ওজোন স্তরের পরিবর্তনও পরিবেশগত নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে তিনি উল্লেখ করেন।

আইআরজিসির ভারপ্রাপ্ত কমান্ডার বলেন, “যখন আমরা বিপদের কথা বলি, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপদগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর ব্যাপারে সচেতন হওয়া।”
পারস্য উপসাগরের ভয়াবহ দূষণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এই অঞ্চলে চলাচলকারী যুদ্ধজাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার ব্যাপক দূষণ সৃষ্টি করছে। এই ইচ্ছাকৃত মানবসৃষ্ট দূষণ পারস্য উপসাগরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অসংখ্য সামুদ্রিক প্রাণীর ধ্বংসের কারণ হয়েছে।

 

Walton Ads