দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন দেশটির টেলিভিশন চ্যানেল আল-মানারের এক সংবাদ উপস্থাপক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হিজবুল্লাহর বরাতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।
নিহত উপস্থাপকের নাম আলি নূর আল-দীন। তিনি হিজবুল্লাহ-সম্পৃক্ত আল-মানার টিভি চ্যানেলে কাজ করতেন। গত সোমবার (২৬ জানুয়ারি) টাইর শহরে চালানো ইসরাইলি হামলায় তার মৃত্যু হয়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ড স্পষ্ট করে দেখিয়েছে—লেবাননে ইসরাইলের চলমান হামলা এখন আর শুধু সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি গণমাধ্যমকর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে।
আল-মানার চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আলি নূর আল-দীন শুধু সংবাদ উপস্থাপকই ছিলেন না, তিনি নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানও পরিচালনা করতেন। পাশাপাশি টাইরের উপশহর আল-হাওশ এলাকায় প্রধান ধর্মীয় বক্তা (খতিব) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনার পর লেবাননের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে গাজা সংঘাতের প্রেক্ষাপটে গোটা অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে বলে আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।