ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশের কয়েকটি যানবাহন ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দেশটির উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোরতার অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরই মধ্যে ইরানের আশপাশের এলাকায় ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে মার্কিন সামরিক বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার বন্দর আব্বাসে ভবনে বিস্ফোরণের এই ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ ও জল্পনার জন্ম দিয়েছে।