যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমানের এই হামলার খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ), লেবাননের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান এলাকার খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ অঞ্চলে একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হঠাৎ এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুধু দক্ষিণ নয়, পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।

স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলোতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলের আকাশে নিচু উচ্চতায় ইসরায়েলি যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

তবে এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

 

Walton Ads