আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি ভেঙে আবারও লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী! শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে তারা।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল বেসলায়া, হুমিন আল-তাহতা ও দেইর আল-জাহরান এলাকার মধ্যবর্তী অঞ্চল এবং জাবাল আল-রিহানের উঁচু এলাকা। মেইস আল-জাবালে একটি ইসরায়েলি ‘কোয়াডকপ্টার’ ড্রোন আবাসিক ভবনের ওপর হামলা করে পুরোটা ধ্বংস করে দিয়েছে।
এতে সাধারণ মানুষের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি, লেবানন সরকারও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ইসরায়েলি সেনারা এক্স-এ হামলার কথা স্বীকার করে দাবি করেছে, হিজবুল্লাহর সঙ্গে যুক্ত অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা। কিন্তু স্থানীয়দের অভিযোগ—এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ সাধারণ মানুষ।
২৭ নভেম্বর ২০২৪ থেকে কার্যকর হওয়া এই অস্ত্রবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বেইরুতের দক্ষিণাঞ্চলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ইউএনআইএফআইএল শান্তিরক্ষীরা জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বার নিয়ম লঙ্ঘন করেছে। এতে অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে প্রায় ৩৪০ জন নিহত হয়েছেন এবং ৯৭০-এর বেশি মানুষ আহত। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এতে স্পষ্ট—এই হামলার সবচেয়ে বড় শিকার হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষ।
দেখা যাক, আন্তর্জাতিক চাপে এই উত্তেজনা কমে কি না—নাকি আরও বাড়বে!