মধ্যপ্রাচ্যে এখন যেন যুদ্ধের মেঘ জমছে! যুক্তরাষ্ট্র বিশাল সামরিক শক্তি জড়ো করছে ইরানকে চাপে রাখতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন—ইরানের পারমাণবিক কর্মসূচি আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে পৌঁছাতে ‘সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিন’ সময় দিচ্ছেন। এর মধ্যে সমঝোতা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
ইরানের জবাব? একদম স্পষ্ট—যেকোনো মার্কিন আগ্রাসনের উত্তর দেবে ‘সিদ্ধান্তমূলক এবং আনুপাতিকভাবে’। তেহরানের এই কড়া অবস্থানে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

আমেরিকা কী কী জড়ো করেছে? ওপেন-সোর্স গোয়েন্দা আর ফ্লাইট-ট্র্যাকিং তথ্য বলছে—গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ১২০টিরও বেশি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে মার্কিন বিমানশক্তির এটাই সবচেয়ে বড় বাড়তি।

এসব যুদ্ধবিমানের মধ্যে আছে ই-থ্রি সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ ফাইটার, এফ-২২ সুপিরিওরিটি জেট, এফ-১৫ আর এফ-১৬। ইউরোপ আর আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে কার্গো বিমান আর আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারও পাঠানো হয়েছে। সব মিলিয়ে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় এফ-২২ আর এফ-৩৫ বিমান বি-২ স্টিলথ বোমারুকে নিরাপত্তা দিয়েছিল। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, বি-২ বিমানের গতিবিধি খুব গুরুত্বপূর্ণ—এটা বড় ধরনের হামলার ইঙ্গিত দিতে পারে।
ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের যৌথ ঘাঁটিও এখন আলোচনায়। এখান থেকে দূরপাল্লার বি-২ বোমারু মোতায়েন করা যায়, অতীতে মধ্যপ্রাচ্যে বড় অভিযান এখান থেকেই চালানো হয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবিয়ান থেকে মধ্যপ্রাচ্যের দিকে আসছে। কয়েক সপ্তাহের মধ্যে পুরো স্ট্রাইক গ্রুপসহ পৌঁছে যাবে বলে ধারণা। এটা যোগ দেবে ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে, যা ইতিমধ্যে ওমান উপকূলের কাছে আরব সাগরে অবস্থান নিয়েছে। এই অবস্থান থেকে ইরানের দিকে অভিযান চালানোর দূরত্বেই আছে মার্কিন নৌবাহিনী।
ইরান-আমেরিকা টানাপোড়েন এখন চরমে। ট্রাম্পের আলটিমেটাম আর সামরিক জড়ো করা নাকি কূটনীতির জয় হবে—সময় খুব কম!

 

Walton Ads