মধ্যপ্রাচ্যের বুকে ফের যুদ্ধের আগুন জ্বলে উঠল। শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলার খবর এলিয়েই গোটা অঞ্চলে যেন বিদ্যুৎ চমকে যায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধারাবাহিকভাবে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

হামলার সময়ই আইডিএফ দেশজুড়ে একটি জাতীয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছে অবস্থান করার নির্দেশ দেয়। বার্তায় বলা হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নিয়ে জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা দেওয়া হয়েছে।

আইডিএফ জানায়, এটি জনসাধারণকে সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক করার অংশ। তবে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে ওঠে। যুক্তরাজ্য তেহরান দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নেয়, চীন-ভারতসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেয়। ওমানের মধ্যস্থতায় জেনেভায় পরোক্ষ আলোচনা হলেও তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত শনিবার সকালে ইসরায়েলের এই হামলার মধ্য দিয়ে নতুন করে সংঘাত শুরু হলো।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা আঞ্চলিক যুদ্ধের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তেহরান এর জবাব দিতে পারে। গোটা মধ্যপ্রাচ্যজুড়ে এখন আতঙ্কের পরিবেশ। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

 

Walton Ads