যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি দাবি করেছেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটতে চলেছে এবং ইরানের জনগণের 'চূড়ান্ত বিজয়' এখন সন্নিকটে ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা পাহলভি ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, “আমার প্রিয় স্বদেশবাসী, সামনে আছে ভাগ্য নির্ধারণী মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট সাহসী ইরানি জনগণকে যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অবশেষে এসে পৌঁছেছে” । তিনি এই হামলাকে 'মানবিক হস্তক্ষেপ' আখ্যা দিয়ে বলেন, “এর লক্ষ্য ইসলামিক প্রজাতন্ত্র ও তার দমন-পীড়নমূলক ব্যবস্থা এবং হত্যাকারী প্রক্রিয়া—ইরান দেশ ও মহান ইরানি জাতি নয়” ।
রেজা পাহলভি আরও বলেন, “যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের হাতেই। এই শেষ যুদ্ধে ইরানের জনগণকেই কাজটি শেষ করতে হবে। রাস্তায় ফিরে আসার সময় ঘনিয়ে এসেছে” ।
নিরাপত্তা বাহিনীর প্রতি বার্তা
দেশটির সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটছে। আপনারা যাদের রক্ষার শপথ নিয়েছেন, তারা হলেন ইরান ও ইরানি জাতি—ইসলামি প্রজাতন্ত্র ও তার নেতারা নন। আপনাদের কর্তব্য জনগণকে রক্ষা করা, কোনো সরকারকে নয়, যেটি আমাদের মাতৃভূমিকে নির্যাতন ও অত্যাচারের মাধ্যমে জিম্মি করে রেখেছে। সাধারণ মানুষের সঙ্গে যোগ দিন এবং একটি স্থিতিশীল ও নিরাপদ ক্ষমতা হস্তান্তরে সহায়তা করুন। নয়ত আপনারা খামেনি ও তার ভাঙা জাহাজের সঙ্গেই ডুবে যাবেন” ।
ট্রাম্পের প্রতি অনুরোধ ও ইরানিদের জন্য নির্দেশনা
যুক্তরাষ্ট্রে অবস্থান করা রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমি এখন আপনাকে (ট্রাম্প) অনুরোধ করছি, বেসামরিক নাগরিক ও আমার স্বদেশবাসীদের জীবন রক্ষার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। ইরানের জনগণ আপনার স্বাভাবিক মিত্র এবং তারা ইরানের আধুনিক ইতিহাসের এই কঠিন সময়ে আপনার সহায়তা ভুলবে না” ।
তিনি ইরানের সাধারণ মানুষকে উপযুক্ত সময়ে তার নির্দেশনা অনুযায়ী রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতেও বলেছেন। “আমি আপনাদের এখনই নিজ নিজ বাসস্থানে থাকতে এবং নিরাপদে থাকতে বলছি। সতর্ক ও প্রস্তুত থাকুন, যাতে সঠিক সময়ে—যা আমি স্পষ্টভাবে জানিয়ে দেব—চূড়ান্ত পদক্ষেপের জন্য আপনারা রাস্তায় নামতে পারেন। আমরা চূড়ান্ত বিজয়ের খুব কাছে। আমি যত দ্রুত সম্ভব আপনাদের পাশে থাকতে চাই, যাতে আমরা একসঙ্গে ইরানকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করতে পারি” ।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে শুরু হওয়া ইরানের বিক্ষোভে রেজা পাহলভির নামে স্লোগান দিতে দেখা গেছে অনেককে। বিশ্লেষকদের মতে, ইরানের শাসকগোষ্ঠীর পতন ঘটলে ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে ।