ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন জায়গায় যৌথভাবে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হয়।
সঙ্গে বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। অন্যান্য জায়গায় কতজন হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি। কিন্তু শুধুমাত্র মিনাবের একটি মেয়েদের স্কুলেই ৫১ জনের মৃত্যু হয়েছে।
মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেছেন, ইসরায়েল স্কুলটিতে সরাসরি হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী ছিল। এখনো উদ্ধার অভিযান চলছে বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এই হামলায় শিশু-কিশোরীদের প্রাণহানির খবরে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।