ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি সেনারা। এরপর বিকেলের দিকে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবি দেখে চোখ কপালে উঠেছে বিশ্লেষকদের। ফোনালাপের সময় নেতানিয়াহুর সামনে একটি বই ও মধ্যপ্রাচ্যের বড় ম্যাপ রাখা দেখা গেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর সামনে রাখা বইটি যুদ্ধ সংক্রান্ত। বইটির নাম ‘যুদ্ধের মিত্র : কীভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা এই বইটির লেখক টিম বোভরি।
বইয়ের পাশাপাশি নেতানিয়াহুর সামনে মধ্যপ্রাচ্যের একটি বড় ম্যাপও রাখা আছে। এই ম্যাপ ও বই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাপ দেখে বোঝা যাচ্ছে, ইরানের পরবর্তী লক্ষ্য নির্ধারণে সম্ভবত কৌশলগত আলোচনা চলছে।
এই ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় নানা মিম ও মন্তব্য তৈরি হয়েছে। কেউ বলছেন, নেতানিয়াহু ‘যুদ্ধের মিত্র’ বই পড়ে ট্রাম্পকে বোঝাচ্ছেন ইরান ইস্যুতে। আবার কেউ বলছেন, মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার ছক কষছেন এই দুই নেতা।
উল্লেখ্য, এর আগে শনিবার সকালে ইরানের একাধিক সামরিক স্থাপনা ও পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বিচার বিভাগের পরিচালিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের তথ্যমতে, এই হামলায় ইরানের ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।